গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, গাজীপুর
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৫৯
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন, ভাতা ও আইনানুগ পাওনাদি পরিশোধে সরকারের পক্ষ থেকে দেওয়া লোনের টাকা শ্রমিকদের মধ্যে বিতরণ না করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ডার্ড গ্রুপের ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিক কর্মচারীরা।
বুধবার (০৮ জানুয়ারি) বিকেল ৪ টায় গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানায়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে স্লোগান দেয়।
ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ আমিনুর রহমান বলেন, আমাদের ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধের কথা। কিন্তু আমরা যে হাড়ভাঙা পরিশ্রম করেছি তার এক টাকাও পাইনি। আমাদের শ্রমিকেরা না খেতে পেয়ে রাস্তায় ঘুরছে। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছি।
বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার সভাপতি সফিউল আলম বলেন, আগামী রোববারের ভেতর বকেয়া বেতন পরিশোধ না করলে সোমবার ঢাকায় শ্রম ভবন ঘেরাও করা হবে।
তিনি আরও বলেন, গত ১০ ডিসেম্বর সরকার কারখানার মালিককে ১৩ কোটি টাকা লোন দিয়েছে। আমরা জানতে চাই, এ বন্ধ কারখানাটিকে সরকার যে টাকা লোন দিয়েছে সেই টাকা কার পকেটে গেছে। সরকারের দেয়া টাকা থেকে মাত্র ছয় কোটি টাকা শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে। বাকি টাকা কেন শ্রমিক ও স্টাফদের মাঝে এখনো বিতরণ করা হয়নি? কারখানার মালিক রাতের আঁধারে কারখানাটি বন্ধ করে চলে গেছে।
ডার্ড কম্পোজিটের ডেপুটি ম্যানেজার ক্যাড (স্যাম্পল সেকশন) মো. মাহবুবুর রহমান বলেন, আজকে আমরা সড়কে দাঁড়িয়েছি না পেরে। আমার বড় ছেলেটার এক বছর ধরে লেখাপড়া বন্ধ। আমার ঘরভাড়া আটকে আছে এক লাখ টাকা। আমি দীর্ঘ ১১ বছর চাকুরি করেছি এ কারখানায়। কিন্তু বকেয়া বেতন, ভাতা ও বোনাস মিলিয়ে ৬ লাখ টাকা পাবো। এ টাকাগুলো আদৌও পাবো কিনা তার নিশ্চয়তা নেই।
আল সাদি/এমবি

