Logo

সারাদেশ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:২১

অ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

‎নাটোরের বড়াইগ্রামে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী।

‎মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হতাহতদের বেশিরভাগই বাসযাত্রী।

‎এর আগে ভোর সাড়ে ৪টার সময় বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে নয়জন ও হাসপাতালে নেওয়ার পর বাকি পাঁচজন মারা গেছেন।

‎তবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

‎বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ( এসআই)  মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নয়জনের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‎আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আহতদের মধ্যে পাঁচজন মারা গেছেন।

‎এদিকে নিহতদের মধ্যে দুই যানবাহনের চালক রয়েছেন। ঘটনার পরপরই নাটোর-পাবনা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

‎দুর্ঘটনার খবর পেয়ে নাটোর জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবুল হায়াতসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

‎

‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন