হুমকিতে যুবসমাজ ও পরিবেশ
কুমিল্লায় খেলার মাঠ দখল ও মুরগির ফার্মের বর্জ্যে দূষণ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৮:০৭
ছবি: সংগৃহীত
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ১নং রাজাপুর ইউনিয়নের ঐতিহাসিক পাইকোঠার খেলার মাঠটি আজ অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহলের অননুমোদিত মুরগির ফার্মের বর্জ্য ও যত্রতত্র রাস্তা নির্মাণের মাধ্যমে মাঠটি গ্রাস করার অভিযোগ উঠেছে।
এতে একদিকে যেমন এলাকার ক্রীড়াঙ্গন ধ্বংসের মুখে পড়ছে, অন্যদিকে মারাত্মক পরিবেশ দূষণে চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে স্থানীয় এলাকাবাসী।
এলাকাবাসী ও সরেজমিন সূত্রে জানা যায়, পাইকোঠা ও এর আশেপাশে গ্রামের যুবকদের একমাত্র বিনোদন ও খেলাধুলার কেন্দ্রবিন্দু এই মাঠটি দীর্ঘদিন ধরে খেলাধুলা, বিভিন্ন টুর্নামেন্ট এবং সামাজিক আয়োজনের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি মাঠের ঠিক পাশেই গড়ে ওঠা একটি মুরগির ফার্মের (পোলট্রি ফার্ম) বর্জ্য ও ময়লা-আবর্জনা সরাসরি মাঠে ও এর আশেপাশের নিষ্কাশন নালায় ফেলা হচ্ছে। ফলে ফার্মের দুর্গন্ধ ও নোংরা পানির কারণে মাঠের পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মাঠটিতে এখন আর আগের মতো কিশোর ও যুবকরা খেলাধুলা করতে পারছে না।
শুধু দূষণই নয়, মাঠটিকে বিভিন্ন দিক থেকে রাস্তা তৈরি করার নামে ধীরে ধীরে জবরদখল করা হচ্ছে। প্রভাবশালীরা নিজেদের সুবিধার জন্য মাঠের বুক চিরে বা পাশ দিয়ে অবৈধভাবে রাস্তা বের করে মাঠের আয়তন দিন দিন সংকুচিত করে ফেলছে।
স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মাঠটি আমাদের একমাত্র খেলার জায়গা। বর্তমান প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যম এই মাঠটি আজ কতিপয় ব্যক্তির লোভের বলি হতে চলেছে। মুরগির ফার্মের দুর্গন্ধে মাঠে দাঁড়ানোই দায় হয়ে পড়েছে। আমরা দ্রুত এই অবৈধ দখল ও দূষণ বন্ধ চাই।
স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও যুবসমাজ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে মুরগির ফার্মের বর্জ্য ফেলা বন্ধ করা, অবৈধ রাস্তা নির্মাণ ও দখল রোধে এবং মাঠটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
বাংলাদেশের খবর/আরইউ

