Logo

সারাদেশ

মাদক-ছিনতাই নিয়ন্ত্রণসহ নানা উদ্যোগ

শিল্পাঞ্চলের নিরাপত্তায় প্রশংসিত ইসরাইল হাওলাদার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০০:১৮

অ
শিল্পাঞ্চলের নিরাপত্তায় প্রশংসিত ইসরাইল হাওলাদার

ছবি: সংগৃহীত

মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে মেধা, প্রজ্ঞা, কৌশল ও সাহসিকতার পরিচয় দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বিদায়ী কমিশনার ইসরাইল হাওলাদার। অপরাধপ্রবণ এলাকাগুলোতে ধারাবাহিক অভিযান, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতা প্রতিরোধে তার ভূমিকার প্রশংসা করেছেন সাংবাদিকেরা। বিশেষ করে টঙ্গীর মাজার বস্তিতে প্রকাশ্যে মাদক বেচাকেনা নিয়ন্ত্রণে তার উদ্যোগকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন তারা।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের পক্ষ থেকে আয়োজিত বিদায়ী সংবর্ধনায় বক্তারা এসব কথা বলেন। জিএমপি কমিশনারের দায়িত্ব শেষে অতিরিক্ত উপমহাপরিদর্শক (এআইজি) পদমর্যাদায় শিল্প পুলিশের প্রধান হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন ইসরাইল হাওলাদার।

বক্তারা বলেন, গাজীপুর দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। শিল্পকারখানায় ঘেরা এই মহানগরীতে ৪০ লাখের বেশি মানুষের বসবাস। বিপুল জনসংখ্যা, ঘনবসতি ও শ্রমিক অধ্যুষিত এলাকার কারণে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। মাদক, সন্ত্রাস, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে বিদায়ী কমিশনার পরিকল্পিতভাবে কাজ করেছেন। অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে অভিযান, অপরাধীদের গ্রেপ্তার এবং পুলিশি তৎপরতা বাড়ানোর মাধ্যমে পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রেখেছেন তিনি।

বিশেষ করে টঙ্গীর মাজার বস্তিতে একসময় প্রকাশ্যে মাদক কেনাবেচা হতো। মাদক কারবারিদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। সেখানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে মাদক কারবার নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন ইসরাইল হাওলাদার। পাশাপাশি ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক অপরাধীকে আইনের আওতায় এনেছেন। তার এসব উদ্যোগে আগের তুলনায় মহানগরীতে মাদক ও বিভিন্ন অপরাধের প্রবণতা কমেছে বলে মন্তব্য করেন বক্তারা।

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার ভূমিকার প্রশংসা করে বক্তারা বলেন, পোশাকশ্রমিকদের আন্দোলন ও অসন্তোষের সময় বহিরাগতদের অনুপ্রবেশ, উসকানি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতা সৃষ্টির চেষ্টা হয়েছে। এসব পরিস্থিতিতে দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন তিনি। শিল্পকারখানার নিরাপত্তা, উৎপাদন সচল রাখা এবং শ্রমিক-মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, একজন দক্ষ পুলিশ কর্মকর্তার সাফল্য শুধু অপরাধী গ্রেপ্তারে সীমাবদ্ধ নয়; সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধপ্রবণতা কমানো এবং মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করাও তার দায়িত্ব। ইসরাইল হাওলাদার মেধা, প্রজ্ঞা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে গাজীপুরে দায়িত্ব পালনের সময় এসব ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছেন। নতুন কর্মস্থলেও তিনি একই নিষ্ঠা ও দক্ষতায় দেশের শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং শ্রমিক-মালিকের মধ্যে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন তারা। একই সঙ্গে তার সুস্বাস্থ্য ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়কমণ্ডলীর সিনিয়র সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য বেলাল হোসেন, শরীফ আহমেদ শামীম, আবুল হোসেন চৌধুরী ও মাজহারুল ইসলাম কাঞ্চন প্রমুখ। এ সময় বক্তারা গাজীপুরে তার কর্মময় সময়ের স্মৃতিচারণ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন