পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৫:৪৮
ইব্রাহিম সিপাহী, ছবি: সংগৃহীত
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।
এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ এবং মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিতে ইব্রাহিম সিপাহী (৩৪) নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় রাজ্জাক উদ্দিন নামে ছাত্রলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) সকাল ছয়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ছয়টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী ও সমর্থক নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের কর্মসূচি প্রতিহত করতে আগের রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষ পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষের সময় গুলিতে ইব্রাহিম সিপাহী নিহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় রাজ্জাক উদ্দিন গুলিবিদ্ধ হন।
সংঘর্ষ চলাকালে বিএনপির নেতাকর্মীদের অস্থায়ী মঞ্চে আগুন দেওয়া হয়। এ ছাড়া ২০ থেকে ২৫টি মোটরসাইকেল এবং পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা ফুড ভ্যালি নামের একটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করা হয়। আগুনে রেস্তোরাঁটির আসবাবসহ ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, সংঘর্ষের সময় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরিত হয়েছে।
অবরোধের কারণে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় যান। সকাল নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হয়। বর্তমানে পদ্মা সেতু দিয়েও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, লকডাউনকে কেন্দ্র করে পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বাংলাদেশের খবর/আরইউ

