Logo

সারাদেশ

আইনজীবী সমিতির ভোট, প্রার্থী দিতে পারেনি আ.লীগ সমর্থিতরা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৫০

অ
আইনজীবী সমিতির ভোট, প্রার্থী দিতে পারেনি আ.লীগ সমর্থিতরা

আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন। তবে আসন্ন নির্বাচনে প্রার্থী দিতে পারেনি আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। ১৯৮৩ সালে সমিতি প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এই প্যানেল নির্বাচনে অংশ নিলেও এবারই প্রথম প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে তারা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বুধবার (০৮ জানুয়ারি) বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। ১৫টি পদের মধ্যে সহসভাপতি পদে মো. সফিউল আলম ও রহিমা খাতুন হেলপী, অর্থ সম্পাদক পদে আনোয়ার হোসেন এবং লাইব্রেরি সম্পাদক পদে মুহাম্মদ আবদুল্লাহ আল মনসুর একক প্রার্থী হয়েছেন। 

সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মো. নুরুল আমিন খান এবং মো. জুলফিকার বকুল স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে সমমনা প্যানেলের মোহাম্মদ মীর মোশারফ হোসেন মানিক এবং স্বতন্ত্র থেকে মো. কায়কোবাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যুগ্মসাধারণ সম্পাদক পদে সমমনা প্যানেলের রেজাউল করিম তুহিন এবং স্বতন্ত্র থেকে পিয়াস মজুমদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সমমনা প্যানেলের আবদুল মোতালেব আদর বিল্লাহ, স্বতন্ত্র আলাউদ্দিন ভূঞা ও মোহাম্মদ খালেদুজ্জামান খালেদ পাটোয়ারী, অডিটর পদে সমমনা প্যানেলের আবদুল কুদ্দুছ এবং শৈবাল দত্ত স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এছাড়া সদস্য পদে সমমনা প্যানেলের হুমায়ুন কামাল, ওছমান গনি মিরন, নূরুল আবছার, আহমেদ উল্যাহ অনিক, মুহাম্মদ ফখরুল ইসলাম, খুরশিদ আলম মাহাদী এবং স্বতন্ত্র শ্রীকান্ত দেবনাথ ও ওবায়দুল হক মজুমদার প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সূত্র আরও জানায়, ১৮ জানুয়ারী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। 

সমিতির সভাপতি মো. আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক টিপু সোলায়মান পদাধিকার বলে নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন।

নির্বাচনে অংশ না নেওয়া প্রসঙ্গে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সমিতির সাবেক সভাপতি আনোয়ারুল করিম ফারুক বাংলাদেশের খবরকে বলেন, ‘ভোটের আগেই ১৫ জানুয়ারি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি ইব্রাহিম ভূঞা ভারতে চলে যাচ্ছেন। ভোটে অংশ নিতে কেউ আগ্রহ প্রকাশ না করায় এবারে প্যানেল দেওয়া যায়নি।’

ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী বলেন, ‘সবাইকে ভোটে অংশ নিতে উৎসাহিত করা হয়েছে। তবু একটি প্যানেল অংশ না নিলেও সভাপতি-সাধারণ সম্পাদক পদসহ প্রায় সবকটি পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উৎসবমুখর ভোট হবে বলে আশা করছি।’

এম. এমরান পাটোয়ারী/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন