স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় আ.লীগ নেতা আটক
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, কক্সবাজার
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৪:৩৯
কক্সবাজার সমুদ্র সৈকতে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা শেখ হাসান ইফতেখার ওরফে চালু নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা (র্যাব)।
আটক ইফতেখার খুলনার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
র্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১২টার পর কক্সবাজার শহরের কলাতলী সড়কের হোটেল গোল্ডেন হিল থেকে ইফতেখারকে আটক করা হয়। তিনি আরও জানান, আটক ইফতেখারসহ নিহত টিপু একই দিন সকালে কক্সবাজারে আসেন।
হোটেলের অতিথি নিবন্ধন বই অনুযায়ী, আটক ইফতেখার, নিহত টিপু ও রুমি (২৭) নামের এক নারী সকাল ৭টায় হোটেলে উঠেন। হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে টিপু ও রুমি হোটেল থেকে বেরিয়ে যান। পরে রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন টিপু।
টিপুর সঙ্গে থাকা রুমি নামের নারী এখন পলাতক রয়েছেন। তার অবস্থান জানতে অভিযান চলছে বলে জানিয়েছেন র্যাব-১৫ অধিনায়ক সাজ্জাদ হোসেন।
তিনি আরও জানান, আটক ইফতেখারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ হত্যাকাণ্ডের পেছনের কারণ ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি

