Logo

সারাদেশ

মেঘনায় স্পিডবোর্ড-ট্রলারের সংঘর্ষে নিহত ৩

Icon

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:৫৯

অ
মেঘনায় স্পিডবোর্ড-ট্রলারের সংঘর্ষে নিহত ৩

ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রলারের সাথে স্পিড বোর্ডের সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন নিখোঁজ আছেন। 

নিহতরা হলেন, গজারিয়া উপজেলার জামালপুর গ্রামের মালদ্বীপ ফেরত ওদুদ বেপারি (৩৫), সদর উপজেলার বাবুল (৪০) এবং  চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাকিব (২৬)। 

নিখোঁজ ব্যক্তি হলেন, মতলব উত্তর উপজেলার নাঈম (২৪)।

নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন বিআইডব্লিউটিএর ডুবুরি দল ও কোস্টগার্ড।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রাম সংলগ্ন নদীতে দুর্ঘটনাটি ঘটে।

স্পিডবোর্ডে থাকা নিহত মালদ্বীপ ফেরত ওদুদ বেপারি'র স্ত্রী ফেরদৌসী জানান, ‘শুক্রবার রাতে একটি অনুষ্ঠান শেষে মতলব উত্তর উপজেলা বেলতলী গ্রাম থেকে  আসার পথে নদীতে একটি ট্রলারের তাদের সাথে থাকা স্পিডবোর্ডের সংঘর্ষ হয়। তখন তাদের স্পিডবোর্ডটি দুমড়েমুচড়ে যায়। এতে তার স্বামী ওদুদসহ তিনজন নিহত হয়। একজন এখনো নিখোঁজ আছেন। আহত হয়েছে অন্তত ৫ থেকে ৬জন।’

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘নদীতে একটি ট্রলারের সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। খবর পেয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স গেলে আহত ১জনকে ঢাকায় পাঠানো হয় এবং নিহত ৩জনকে নৌপুলিশ হেফাজতে দেয়া হয়েছে।’

মো. আবু সাঈদ/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন