কুষ্টিয়ায় বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাকের চাপায় রাজু আহাম্মেদ (২০) নামের এক নলকূপ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কামারতলা গ্রামের আয়ুব আলীর ছেলে। রাজু লেখাপড়ার পাশাপাশি নলকূপ শ্রমিকের কাজ করতেন। আহতরা হলেন- মিরাজুল, আসলাম ও বিল্লাল। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
এ ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকচালক সন্দেহে এক ব্যক্তিকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন জানান, ভ্যানযোগে চার নলকূপ শ্রমিক কুমারখালীর কয়া থেকে কাজের উদ্দেশ্যে কুষ্টিয়ার দিকে রওনা দেন। লাহিনীপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালুবাহী ডাম্প ট্রাক ভ্যানটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। আহত তিনজনকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রাজুর মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আকরামুজজামান আরিফ/এমবি

