মাদকের টাকার জন্য চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, বন্ধু গ্রেপ্তার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫
ঢাকার কেরানীগঞ্জে অটো রিক্সাচালককে খুনের পর লাশ আম গাছের সাথে ঝুলিয়ে রেখে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় আলামিন ওরফে বাহাদুর (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বাহাদুর কেরানীগঞ্জ মডেল থানাধীন নারায়ণ পট্টি এলাকার মৃত ধানু মিয়ার ছেলে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৯ অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া বেলনা সুইচগেট নিশানবাড়ী সড়কে আম গাছের সাথে ঝোলানো গলায় গামছা বাঁধা অবস্থায় একটি লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। লাশটি উদ্ধারের পর এটি হত্যাকাণ্ড মনে হলে আশপাশের এলাকাবাসীর কাছ থেকে নিহতের পরিচয় উদ্ধার করে জানা যায় নিহতের নাম মো. রকি। পরে নিহতের পরিবার থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির মাধ্যমে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করে। হত্যাকাণ্ডে জড়িত বাহাদুর নামের একজনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া বাহাদুর জানিয়েছেন, তিনি এবং নিহত রকি একে অপরের বন্ধু। মাদকের টাকার জন্য বন্ধুকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান আলামিন ওরফে বাহাদুর।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মো. এরশাদ হোসেন/এমএইচএস

