নিয়োগ পরীক্ষায় প্রক্সি-ডিভাইস চক্রের ৪ সদস্য আটক
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৫২
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় শ্রেণির নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে প্রক্সি ও ডিভাইস চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) পরীক্ষা চলাকালে কক্ষ থেকে তাদের আটক করা হয়। এবং পরে পরীক্ষায় বহিষ্কার করা হয়।
আটককৃতরা হলেন- আবু সায়েম মন্ডল (২৩), রাশেদ আহমেদ রিদয় (২২), আসাদুজ্জামান (২১), শাহ সুলতান (২৫)।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুইজন প্রক্সি প্রার্থী এবং ডিভাইস চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের আওতায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৩টি এবং হিসাব সহকারী পদে ৩টি শূন্যপদ পূরণের জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৩টি শূন্যপদের জন্য ৩ হাজার ৩৪৯ জন এবং হিসাব সহকারী পদে ৩টি শূন্যপদের জন্য ৪৩০ জন আবেদন করেন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় থেকে এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
আতিকুর রহমান/এমবি

