প্রতিকী ছবি
গাজীপুরের শ্রীপুরে এক চিকিৎসককে অপহরণের পর নির্যাতন করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। চিকিৎসককে তুলে নিয়ে মারধর করে মোবাইলে শব্দ শুনিয়ে বারবার স্বজনদের ফোন করে দাবি করেন ২ লাখ টাকা মুক্তিপণ।
জানা গেছে, শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপহরণের ঘটনা ঘটে।একই দিন রাত ১১টা পর্যন্ত চিকিৎসকের স্বজনরা ১ লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করেছে। অপহরণের শিকার চিকিৎসক আমিনুর রহমান (৪০) টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কচুটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক।
চিকিৎসকের ভাই সৈয়দ মোয়াজ্জেম হোসেন মিল্টন বলেন, আমিনুর রহমান শনিবার (১১ জানুয়ারি) দুপুর দুইটার দিকে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার একটি ক্লিনিকে চিকিৎসা দিতে ঢাকা থেকে রওনা হন। ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসকের মোবাইল ফোন থেকে স্ত্রীর মোবাইলে কল আসে।
চিকিৎসক কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমাকে অপহরণ করা হয়েছিল। মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করছে। ফোনে কথা বলার সময় আমাকে মারধর করা হয়। পরবর্তীতে দফায় দফায় মারধর করে আমার মুঠোফোন থেকে কল দিয়ে টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হয়। বাধ্য হয়ে তিন দফায় মোট ১ লাখ টাকা অপহরণকারীদের পাঠানো হয় পরিবারের পক্ষ থেকে। রাত ১১টা পর্যন্ত বারবার ফোন দিয়ে বাকি টাকা পরিশোধ করার জন্য চাপ দিচ্ছিলেন অপহরণকারীরা।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘আমরা চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। ওই চিকিৎসকের মোবাইল নাম্বার ট্র্যাক করে অভিযান পরিচালনা করছি।’
আতাউর রহমান সোহেল/এমআই

