চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমারডুগি এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় চালকসহ আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর মো. তাহিম হাসান ফাহিম (১২) হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেনের ছোট ছেলে। আহতরাও কাজী মনির হোসেনের পরিবারের সদস্য।
ঢাকা থেকে লঞ্চযোগে চাঁদপুরে এসে কাজী মনির হোসেন পরিবারের সদস্যদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় হাজীগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কুমারডুগি এলাকায় দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ফাহিম নিহত হন।
আহতদের মধ্যে রয়েছেন, কাজী মনির হোসেন (৫৫), তার স্ত্রী সীমা বেগম (৪০), মেয়ে মিথিলা আক্তার (১৭)
ছেলে মো. হৃদয় (২২), হৃদয়ের স্ত্রী সামিয়া আক্তার (১৯)।
আহতদের মধ্যে কাজী মনির হোসেন, তার স্ত্রী সীমা বেগম ও ছেলে হৃদয়কে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদয়ের স্ত্রী সামিয়া আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও অটোরিকশা থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আলআমিন ভূঁইয়া/এমজে

