রুয়েটে জুলাই বিপ্লব স্মরণে রক্তদান কর্মসূচি
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, রাজশাহী
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, রক্তদান কর্মসূচি ও দাঁতের চিকিৎসা সেবা বিনামূল্যে পালিত হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিরাপদ রক্তের বন্ধনের (নীরব) উদ্যোগে জুলাই বিপ্লবের স্মরণে এ কর্মসূচি প্রদান করা হয়। এদিন সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জুলাই বিপ্লবের স্মরণে আয়োজিত তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আব্দুর রাজ্জাক, স্টুডেন্ট ওয়েলফেয়ারের ডিরেক্টর মো. রবিউল সরকারসহ অন্যান্য শিক্ষকরা।
উদ্বোধন শেষ ড. আমিনুল ইসলাম চিত্র প্রদর্শনী ও রক্তদান কর্মসূচির স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, জুলাই বিপ্লবের পরে শিক্ষার্থীদের এ মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এরকম কার্যক্রম দেখে আমি আনন্দিত। প্রত্যাশা থাকবে এভাবেই তরুণরা বিপ্লবী হয়ে আগামী প্রজন্মকে নেতৃত্ব দেবে।
আয়োজনে ছিল চিত্রাঙ্কন ও গল্প লেখা প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, বিনামূল্যে রক্তদান এবং দন্ত চিকিৎসা সেবা। তরুণদের মাঝে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এসব কার্যক্রম পরিচালিত হয়।
নীরবের সভাপতি ফাহাদ বিন ইউসুফ বলেন, তারুণ্যের মানবিক অংশগ্রহণ নিশ্চিত করতে এবং বিপ্লবী চেতনা জাগ্রত রাখতে আমরা এ ব্যতিক্রমী আয়োজন করেছি। এক বিপ্লব শেষ হলে আরেক বিপ্লবের শুরু হয়। আমরা চাই তরুণরা এ চেতনা ধারণ করে এগিয়ে যাক।
সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ২০০ জনের বেশি শিক্ষার্থী উৎসবে অংশগ্রহণ করেন। এদিন ৬০ জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন। অনেকেই প্রথমবার রক্তদান করে আনন্দ প্রকাশ করেছেন এবং অন্যদেরও এতে অংশ নিতে উৎসাহিত করেছেন।
তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমরা রক্তদানের মাধ্যমে মানবিক সেবা দিতে চাই। অতীতে রক্তের অভাবে আমাদের সহপাঠীদের হারানোর কষ্ট আজও আমাদের তাড়িয়ে বেড়ায়। এ কর্মসূচি সেই কষ্টকে শক্তিতে রূপান্তর করার প্রচেষ্টা।
জয় খ্রীষ্টফার বিশ্বাস/এমবি

