ছবি : বাংলাদেশের খবর
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে ৮ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে মহাসড়কের নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করে আমরা মাধবদীবাসী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। এতে নেতৃত্ব দেন আমরা মাধবদীবাসী সংগঠনের আহ্বায়ক আনোয়ার হোসেন আনু।
মানববন্ধন শেষে ঢাকা-সিলেট মহাসড়কে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাধবদী পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, সাসেক প্রকল্পের অধীনে চলমান কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ২০০ কিলোমিটার সড়কের ৬ লেনের কাজ চলমান রয়েছে। তৎকালীন সরকারের সুবিধাবাদীদের মদদে নরসিংদীর ঐতিহ্য, প্রাচ্যের মানচেষ্টার খ্যাত শেখেরচর (বাবুরহাট) ও মাধবদীকে পাশ কাটিয়ে ৮ কিলোমিটার সড়কে বাইপাস নির্মাণ করা হচ্ছে। যার ফলে বিপুল পরিমাণ কৃষি জমি নষ্টের পাশাপাশি এ অঞ্চলের ব্যবসা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল মোমেন মোল্লা, নরসিংদী সদর থানা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক ডা. মো. জাকারিয়া, মাধবদী থানা যুবদলের আহ্বায়ক শাহান উল্লাহ, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজিব শাহাদাৎ, মাধবদী শহর জামায়াতে ইসলামীর আমির আমিনুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
সুমন রায়/এমবি

