পাওনা টাকা চাওয়ায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:১৩
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার মিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি।
রোববার (১২জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম রানাখড়িয়া চাঁদ মার্কেট এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত কিশোরের নাম আলা-আমিন সরদার (১৮)। সে একই এলাকার রবিউল সরদারের ছেলে। আহত লিটনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, আল-আমিন ও তার বাবা রবিউল ওই এলাকায় মাংসের ব্যবসা করত। একই এলাকার আসাদুলের কাছে বেশ কিছুদিন আগের মাংস বিক্রির ২০ হাজার টাকা পাওনা ছিল। কিন্তু আসাদুল টাকা না পরিশোধ করে তালবাহনা করছিল। রোববার বিকেলে রবিউল টাকা চাইলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জের ধরে সন্ধ্যার পরে আসাদুল তার দুই ছেলে আকুল ও আকাশ আরও কয়েকজন সাথে করে চাঁদ মার্কেটে এসে রবিউলের ওপর হামলা চালায়। এসময় আল আমিন এবং লিটন প্রতিবাদ করলে আকুল ও আকাশের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আল আমিন এবং লিটনকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অপারেশন থিয়েটারে আলামিনের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘ধারালো কিছু দিয়ে পেটে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ছেলেটির মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
আকরামুজজামান আরিফ/এমআই

