Logo

সারাদেশ

একরাতে এক ব্যক্তিই চুরি করলেন ৩১ দোকানে

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৪:৫৫

অ
একরাতে এক ব্যক্তিই চুরি করলেন ৩১ দোকানে

ঝিনাইদহের সদর উপজেলার হাটগোপালপুর বাজার ও জেলা শহরের ‘ল’ কলেজ মার্কেটে রোববার (১২ জানুয়ারি) রাতে চুরির ঘটনা ঘটেছে। ৩১টি দোকানে চুরি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।

সদর উপজেলার হাটগোপালপুর বাজারে রোববার রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত চোরচক্র বাজারের তিনটি মার্কেটের ২৭টি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দোকানগুলো থেকে নগদ টাকা ও মালামাল চুরি করা হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, চুরির ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মিমি ফার্মেসির মালিক জিয়াউল হক রাজু বলেন, ‘দোকানে ঢুকে দেখি সাটার উঁচু করা, দুটি তালা ভাঙা। ড্রয়ার থেকে দুই লাখ টাকার একটি চেক ও সাত হাজার নগদ টাকা চুরি হয়েছে।’

হাটগোপালপুর দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘বাজারে প্রায় ২০০ দোকানের মধ্যে ২৭টি দোকানে চুরি হয়েছে। নাইটগার্ড ডিউটিতে থাকার কথা ১২ জনের, কিন্তু ডিউটি করেছে মাত্র ৮ জন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি চুরি করছে।’

একই রাতে ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘ল’ কলেজ মার্কেটে চারটি দোকানের গ্রিল ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। সদর থানার কাছাকাছি এই দোকানগুলো থেকেও নগদ টাকা ও মালামাল লুট করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘চুরির খবর পেয়ে স্থানগুলো পরিদর্শন করেছি। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে। এখনো মামলা হয়নি। তবে মামলা হবে।’

চুরির ঘটনা নিয়ে হাটগোপালপুর বাজারের ব্যবসায়ীরা প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা অভিযোগ তুলেছেন। হাটগোপালপুর পুলিশ ফাঁড়ি ঘটনাস্থল থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও চুরির ঘটনা থামানো যায়নি।

এম বুরহান উদ্দীন/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন