ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্তদের গুলিতে উমে প্রু মার্মা (৩৪) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগ্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উমে প্রু মার্মা রোববার বান্দরবান জেলা শহর থেকে হিমাগ্রী পাড়ায় আসেন। সোমবার সকালে খামার বাড়ির দিকে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মার্মা জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়েছি, খামার বাড়িতে কাজ করতে যাওয়ার সময় উমে প্রু মার্মা গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামে চিকিৎসার জন্য পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে।
রোয়াংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শুভ্র দাশ জানান, গুলিতে এক নারী আহত হওয়ার খবর পেয়েছি। তবে এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত ঐ নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সোহেল কান্তি নাথ/এমবি

