Logo

সারাদেশ

সোনারগাঁয়ে সরকারি জায়গা দখল করে দোকানপাট নির্মাণের অভিযোগ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ২১:১৩

অ
সোনারগাঁয়ে সরকারি জায়গা দখল করে দোকানপাট নির্মাণের অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি জায়গা দখল করে দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। 

বর্তমানে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জমি দখল করে দোকানপাট নির্মাণ করে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ভাড়া উত্তোলন করছেন তিনি। 

এলাকাবাসী জানায়, বিএনপি নেতা আব্দুল রউফ পক্ষাঘাতগ্রস্থ হলেও তার নির্দেশে ছোট ভাই জলিল ও ভাগিনা আজিজ ও সেলিমের নেতৃত্বে সকল অপকর্ম সংগঠিত হয়ে থাকে। শিল্প প্রতিষ্ঠানের যানবাহন থেকে শুরু করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করে থাকে।

রেস্টুরেন্ট মালিক অভিযুক্ত সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের ভগ্নিপতি মো. মনির হোসেন বলেন, আব্দুর রউফ ভাই দোকান নির্মাণ করে আমাকে ব্যবসা করতে দিয়েছেন। লিজের বিষয়ে জানতে চাইলে তিনি লিজ নেননি বলে জানিয়েছেন। দীর্ঘসময় ধরে দখল করেই এমনি করেই এখানে ব্যবসা করছে মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, বিএনপি নেতা আব্দুর রউফ গ্যাসের বিলসহ দৈনিক ৫০০ টাকা করে তাদের কাছ থেকে আদায় করে থাকেন। এখানে ১৩টি দোকান রয়েছে। কেউ দৈনিক, কেউ মাস ভিত্তিক ভাড়া দিয়ে থাকেন। অবৈধ হলেও গ্যাস পাওয়ায় আমাদের ভালো হয়েছে। এ স্ট্যান্ডের দোকানগুলো ভাড়া দিয়ে প্রতি মাসে গড়ে আড়াই লাখ টাকা ভাড়া উত্তোলন করা হয়।

অভিযুক্ত সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ বলেন, সড়ক ও জনপদ বিভাগের কোনো জমি দখল করে দোকান নির্মাণ করিনি। জায়গা খালি থাকায় ব্যবসায়ীরা দোকানপাট নির্মাণ করে ব্যবসা করছেন। গ্যাস দিয়ে ভাড়া নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের মেঘনা ঘাট জোনের ম্যানেজার প্রকৌশলী সুরজিত কুমার সাহা বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আমরা ইতোমধ্যে মোবাইল কোর্টের জন্য ম্যাজিস্ট্রেট চেয়েছি। অনুমতি পেলেই মোবাইল কোর্টের মাধ্যমে বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হবে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন বলেন, দেশের পট পরিবর্তনের পর বিভিন্ন স্থানে ব্যাপক হারে সওজের জমি দখল হয়েছে। এগুলো উচ্ছেদের বিষয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। দ্রুত কাঁচপুর থেকে মেঘনা ঘাট পর্যন্ত সড়কের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

সজীব হোসেন/এমবি  

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন