Logo

সারাদেশ

পঞ্চগড়ে চোরাচালান ও সীমান্ত হত্যা রোধে বিজিবির সভা

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১১:২৯

অ
পঞ্চগড়ে চোরাচালান ও সীমান্ত হত্যা রোধে বিজিবির সভা

পঞ্চগড়ে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বোধগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তড়িয়া উচ্চ-বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করে বিজিবি।

সভায় বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী সীমান্ত এলাকার মানুষদের নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। তিনি সীমান্ত হত্যা বন্ধে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের অবাধে চলাফেরা না করার পরামর্শ প্রদান করেন ।

অপরদিকে নারী ও শিশু, মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও বাংলাদেশি নাগরিকদের করা সীমান্ত সংক্রান্ত বিভিন্ন অপরাধ, সীমান্ত সংক্রান্ত আইন, ধারা ও শাস্তির ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়।

সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেন, আমরা জনগণের মাঝ থেকেই এসেছি। আমরা জনগণকে ভালোবাসি। বিজিবি জনগণ ও দেশের বন্ধু। আমরা বলতে চাই অপরাধের সাথে যুক্ত হয়ে কোনভাবেই অবৈধ পথে সীমান্ত অতিক্রম করা যাবে না। দেশে আল্লাহর রহমতে কাজের ও সম্পদের অভাব নেই। আপনারা চাইলে দেশে অনেক ভালো কিছু করে জীবিকা নির্বাহ করতে পারেন। ইচ্ছা করলেই উদ্যোক্তা হতে পারেন। যেহেতু সীমান্ত অতিক্রম করলে বিএসএফ গুলি করে হত্যা করে, তাই আমরা আপনাদের সতর্ক করতেই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভা করে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম, ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন, তোড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহ, তোড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

সভা শেষে স্থানীয় গরীব, দুঃস্থ এবং অসহায় মানুষদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করেন সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী।

এসকে দোয়েল/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন