Logo

সারাদেশ

পাসপোর্ট অফিসে ঘুষের টাকাসহ কর্মকর্তা গ্রেপ্তার

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:২৩

অ
পাসপোর্ট অফিসে ঘুষের টাকাসহ কর্মকর্তা গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

ঠাকুরগাঁওয়ে পাসপোর্ট অফিসের এক কর্মকর্তাকে ঘুষের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সূত্রপাত গত ২০ নভেম্বর মিরানা মাহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন (আবেদন নম্বর: ৪২৩৬-০০০০৬৫৫৪৭)। নির্ধারিত তারিখে ২৯ নভেম্বর পাসপোর্ট সংগ্রহ করতে গেলে সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদ সরকারি ফি’র অতিরিক্ত ৫০ হাজার টাকা ঘুস দাবি করেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগকারীর পক্ষ থেকে এ বিষয়ে অফিসের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফারুক আহমেদের সঙ্গে বিষয়টি মীমাংসার পরামর্শ দেন। পরবর্তীতে, অভিযোগকারী একটি মোবাইল ফোনে কথোপকথনের অডিও রেকর্ড সংগ্রহ করেন, যেখানে ঘুস চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।

এ পরিপ্রেক্ষিতে, দুদক বিধিমালা, ২০০৭ -এর বিধি ১৬ অনুযায়ী একটি ফাঁদ মামলা পরিচালনার জন্য কমিশন অনুমোদন প্রদান করেন। পরে মঙ্গলবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে ৫০ হাজার টাকা ঘুসসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম। যার নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী। সার্বিক কার্যক্রমের তদারকি করেন দুদক ঠাকুরগাঁও অফিসের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।

আবু সালেহ/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন