মহাসড়কে বেক্সিমকোর ৪০ হাজার শ্রমিকের মানববন্ধন
সাভার প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:৩১
এলসি চালু ও বন্ধ কারখানা পুনরায় খোলার দাবিতে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেক্সিমকো গ্রুপের ১৬টি বন্ধ কারখানার প্রায় ৪০ হাজার শ্রমিক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় মহাসড়কের ঢাকামুখী লেনে মাথায় ব্যানার বেঁধে সারিবদ্ধভাবে অবস্থান নেন শ্রমিকরা।
গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে সকাল ৮টা থেকেই শ্রমিকরা জড়ো হতে থাকেন। পরে যানজট প্রবণ স্থানগুলো এড়িয়ে সারিবদ্ধভাবে পুরো নবীনগর-চন্দ্রা মহাসড়কে মানববন্ধন করেন তারা। বেলা ১টায় কর্মসূচি শেষ করেন শ্রমিকরা। মানববন্ধন চলাকালে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সভার সিদ্ধান্তে বেক্সিমকোর ১৬টি কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এর কারণ হিসেবে অর্ডার না থাকা এবং প্রতিষ্ঠানটির ঋণখেলাপি পরিস্থিতি উল্লেখ করা হয়।
বিক্ষুব্ধ শ্রমিক জামিলা বলেন, ‘আমাদের অন্য কোথাও কাজ দেওয়া হচ্ছে না। বাড়িভাড়া ও দোকানের বাকি দিতে পারছি না। বাড়িওয়ালারা ভাড়া চায়, দোকানদার বাকিতে মাল দিতে রাজি নয়। আমরা কি করব?’
বেক্সিমকোর কোয়ালিটি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন বলেন, ‘আমাদের দাবিগুলো স্পষ্ট—কারখানা খুলে দেওয়া, বেতন ভাতা পরিশোধ করা। এতে আমাদের পরিবারগুলো বাঁচবে। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান জানিয়েছি।’
এর আগে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে একাধিকবার নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ করেন। ২১ ডিসেম্বরের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরপর থেকে শ্রমিকরা মানববন্ধনসহ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন।
বেক্সিমকোর ১৬টি কারখানার বন্ধ হওয়ায় হাজারো শ্রমিকের জীবিকা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে তারা তাদের দাবি জানানোর পাশাপাশি দ্রুত কার্যকর সমাধান আশা করছেন।
আরিফুল ইসলাম সাব্বির/এমজে

