Logo

সারাদেশ

শ্রীপুরে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:১৬

অ
শ্রীপুরে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি-ইজ্জতপুর তেঁতুল গাছ এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হন। অপরদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে তেলিহাটি ইউনিয়নের মাওনা-বরমী আঞ্চলিক সড়কে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক প্রাণ হারান।

স্থানীয়রা জানান, গরুর ঘাস আনতে গিয়ে ওই যুবক রেললাইনে পড়ে যান। ৯৯৯ কলের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হলেও ৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়। এ সময়ের মধ্যে ৪-৫টি ট্রেন চলে যাওয়ার ফলে মরদেহটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। নিহত যুবকের পরনে ছিল গ্যাবার্ডিন প্যান্ট, শীতের জ্যাকেট, সাদা স্যান্ডেল ও গলায় চেক কালারের মাফলার।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ‘রেলওয়ে পুলিশকে অবহিত করা হয় এবং তারা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।’

দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা-বরমী আঞ্চলিক সড়কে এখলাস উদ্দিন (৩০) নামের মোটরসাইকেল চালক নিহত হন। একটি দ্রুত গতির ডাম্প ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। নিহত এখলাস উদ্দিন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক মারা যান। স্থানীয়রা ডাম্প ট্রাক চালক ও তার সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল কাইয়ূম জানান, ডাম্প ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন