আলোচিত ৪০তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৫৩
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে আলোচিত ৪০তম ক্যাডেট এসআইদের ২০২৩ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম।
এ সময় ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি। এবারের কুচকাওয়াজে ২২ জন নারী অফিসারসহ ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশগ্রহণ করেন।
প্যারেড পরিদর্শন শেষে আইজিপি বাহারুল আলম বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ১ বছর মেয়াদি এই প্রশিক্ষণে বেস্ট অ্যাকাডেমিক হিসেবে ক্যাডেট এসআই মো. বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ শিক্ষানবিশ ক্যাডেট এসআই মো. নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার হিসেবে শিক্ষানবিশ ক্যাডেট এসআই নয়ন কুমার ঢালী এবং সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষানবিশ ক্যাডেট এসআই মো. আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদক প্রদান করেন।
পরে নবীন কর্মকর্তাদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান আইজিপি।
সমাপনী কুচকাওয়াজে অংশ নেয়া ৪০ তম এই ব্যাচ থেকেই গত দুই মাসে একাডেমি থেকে নানা কারণ দেখিয়ে তিনশোর অধিক ক্যাডেট এসআইকে অব্যাহতি দেয়া হয়।
খ্রীষ্টফার জয়/এমএইচএস

