বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, ফেরানোর চেষ্টা বিজিবির
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৫:৩০
প্রতিকী ছবি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি নাগরিককে আটক করে নিয়ে গেছে। আটক ব্যক্তি আলিমুর রেজাকে (৪০) মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮ টায় উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত থেকে আটক করা হয়।
৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলিমুর রেজা শূন্যরেখা অতিক্রম করার পর বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। বিজিবি এরই মধ্যে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে। তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ সদস্যরা রাত ৮টার দিকে সীমান্তবর্তী এলাকা থেকে আলিমুর রেজাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। এরপর বিজিবি দ্রুত এই খবর পেয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হয়।
বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, বিএসএফের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলছে। আটক নাগরিককে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
এদিকে, এ ঘটনায় সীমান্ত এলাকার স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
আবু সালেহ/এমজে

