কুষ্টিয়ায় বিদেশি পিস্তল-গুলিসহ স্বামী-স্ত্রী আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:২০
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনী বিদেশি পিস্তল ও গুলিসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে সেনাবাহিনীর সদস্যরা সীমান্তবর্তী এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আনোয়ার হোসেন (৩৮) ও তার স্ত্রী কমেলা বেগম (৩৫)-কে আটক করেন।
সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালানসহ একাধিক মামলার এজাহার রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী তার বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালানোর সময় আনোয়ারের শয়ন কক্ষে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসময় আনোয়ারের অপরাধ কর্মকাণ্ডের সহযোগী হিসেবে তার স্ত্রী কমেলা বেগমকেও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার সীমান্তবর্তী এলাকায় অস্ত্র, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আকরামুজ্জামান আরিফ/এমএইচএস

