ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুর পৌরসভার উদ্যোগে শহরের উকিলপাড়া ও ট্রাকরোড এলাকায় প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, বাজার পরিদর্শক শাহজাহান মাঝি, আদায়কারী এমদাদ হোসেন মিলন, সহকারী এসও মো. শাহরিয়ার, ভান্ডার ফয়সাল আহম্মেদ, সার্ভেয়ার শেখ মনিরুজ্জামানসহ অন্যান্য পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া জানান, চাঁদপুর শহরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিপনীবাগ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উকিলপাড়া ও ট্রাকরোড এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। আগামীতে কুমিল্লা রোড প্রশস্ত করতে আরও কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আলআমিন ভূঁইয়া/এমবি

