ছাত্র-জনতা নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না : সারজিস
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৩২
ছবি : বাংলাদেশের খবর
সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবিতে কুড়িগ্রামে শুরু হয়েছে ‘ফেলানী ফর লং মার্চ’ কর্মসূচি।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম শহরে এক পথসভা শেষে এই লং মার্চ শুরু হয়। কর্মসূচির মূল গন্তব্য ফেলানীর বাড়ি।
লং মার্চ চলাকালীন বিভিন্ন স্থানে পথসভা ও লিফলেট বিতরণ করা হচ্ছে। আয়োজকরা সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যা বন্ধের জোর দাবি জানিয়ে এই বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।
লংমার্চে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক নিজাম উদ্দিন, আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক ড.আতিক মুজাহিদ, সদস্য সচিব আকতার হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা ও উপজেলা শাখার নেতারা।
পথসভায় সারজিস আলম বলেন, ‘ছাত্র-জনতা আর নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না। যদি কেউ ক্ষমতা আঁকড়ে ধরে কোনো দল, গোষ্ঠী বা রাষ্ট্রের দালাল হন, তাহলে তাদের পরিণতি হবে খুনি হাসিনার মতো।’
তিনি আরও বলেন, ‘আজকের লং মার্চের উদ্দেশ্য হলো সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যা বন্ধ করা এবং ফেলানীসহ সকল সীমান্ত হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা। আমরা ভবিষ্যতে কোনো সীমান্ত হত্যাকাণ্ড দেখতে চাই না।’
ফজলুল করীম ফারাজী/এটিআর

