Logo

সারাদেশ

বান্দরবানে অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭

অ

বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কলেজের অধ্যক্ষ নুরুল আবছারের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এই বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী। 

এসময় শিক্ষার্থীরা অধ্যক্ষের রুমের সামনে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিয়ে অধ্যক্ষের অপসারণের দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়ম করে আসছে। যার কারণে কলেজের শিক্ষাব্যবস্থা দিন দিন অবনতির দিকে চলে যাচ্ছে। 

শিক্ষার্থীরা আরও বলেন, কলেজে পরিবহন খরচ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ থেকে ৪০০ টাকা নেওয়া হয়। কিন্তু স্থানীয় শিক্ষার্থীরা নিয়মিত গাড়িতে উঠতে পারছে না। এছাড়াও যে শিক্ষকরা কলেজের শিক্ষা কার্যক্রম ভালোভাবে পরিচালনা করে সেসব শিক্ষককে অধ্যক্ষ সুকৌশলে বহিষ্কার করে। কলেজের শিক্ষার্থীদের উপ-বৃত্তির টাকা আত্মসাৎ করা অধ্যক্ষের এক প্রকার নিয়মে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। তাই কলেজের দুর্নীতি ও অনিয়ম বন্ধসহ শিক্ষা ব্যবস্থা উন্নতি হওয়ার জন্য অধ্যক্ষের অপসারণের জোর দাবি জানান শিক্ষার্থীরা।

 এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের সংবাদে ঘটনাস্থলে ছুটে যান সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাসসহ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো লিখিত আকারে প্রশাসনের কাছে জমা দেওয়ার আহ্বান জানান।

সোহেল কান্তি নাথ/এমআই/এনআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন