ছবি : বাংলাদেশের খবর
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৪৩ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার সকালে এসব অভিযান চালান বিজিবির ৪৮ ব্যাটালিয়নের ককেয়কটি বিওপির জোয়ানরা।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ভারতীয় দুই নাগরিক হলেন- মালুছ গারো (৩০) ও করল গারো (৪৫)। তারা ভারতের শিলং ইস্ট খাসিয়া হিলের ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ্র গারোর ছেলে।

বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, পান্থুমাই, ডিবিরহাওর, উমা, বিছনাকান্দি, সোনালীচেলা, তামাবিল ও কালাসাদেক বিওপির টহল দল অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, গরু, চা-পাতা, মদ ও ফেন্সিডিল জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করে বিজিবি সদস্যরা।
এসব মালামালের মূল্য ৪৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা বলে জানা গেছে।
অপরদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৩৪/৫-এস এর প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে মৌলারপাড় নামক স্থান থেকে মালুছ গারো ও করল গারোকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
রেজাউল হক ডালিম/এমবি

