অনিয়ম ঠেকাতে জেলা-উপজেলায় গ্রুপ তৈরি হবে : সারজিস আলম
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:১১
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, অন্যায় ও অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলার মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে। তিনি বলেন, এই গ্রুপগুলোর মাধ্যমে স্থানীয় মানুষের কল্যাণে কাজ করা হবে এবং সঠিকভাবে তাদের দাবি আদায় করার চেষ্টা করা হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, আমরা চাই না যে মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হোক। সৃষ্টিকর্তা আমাদের যে সুযোগ দিয়েছে, সেটি আমাদের জন্য একটি আমানত, যা মানুষের কল্যাণে ব্যবহার করা হবে।
পঞ্চগড়ের বর্তমান অবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ১৬ বছরে রংপুর বিভাগসহ পঞ্চগড় অনেক বৈষম্যের শিকার হয়েছে। কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি। পঞ্চগড়ের মানুষের জন্য শিল্পকারখানা স্থাপন এবং উন্নয়নের জন্য সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।
সারজিস আলম আগামী নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন, এতো রক্ত, এতো জীবনের বিনিময়ে জনগণের চাওয়া কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়। তবে, নতুন ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচন কমিশনকে সঠিকভাবে কাজ করানো এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের মূল দায়িত্বে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা জজ আদালতের গভর্নমেন্ট প্লিজার (জিপি) আব্দুল বারী, এডভোকেট খলিল হোসেন, গড়িনাবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এসকে দোয়েল/এমএইচএস

