বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবসে পাবনায় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি উপলক্ষে পাবনা জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পাবনা শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে তাঁর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান।
পরে বেলা ১১টায় সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনার ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিক, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সহ-সভাপতি ফরিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, ছাদ কৃষির উদ্ভাবক কৃষিবিদ জাফর সাদিক, মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি শফিক আল কামাল, গণশিল্পী সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক এবং এটিউন ব্যান্ডের পরিচালক মাহবুবুল আলম লিটনসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে বক্তারা সুচিত্রা সেনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি বাংলা চলচ্চিত্রে যে অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয়। তাঁর কর্ম ও প্রতিভা প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা মহানায়িকার স্মৃতি সংরক্ষণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার জীবনী তুলে ধরার আহ্বান জানান।

