Logo

সারাদেশ

পঞ্চগড়ে ‘লাল কাপড়’ টাঙিয়ে রেলস্টেশন অবরোধ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:২৪

অ
পঞ্চগড়ে ‘লাল কাপড়’ টাঙিয়ে রেলস্টেশন অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ের আটোয়ারী-বোদা কিসমত রেলস্টেশনে দ্রুতযান এক্সপ্রেস চালু রাখার দাবিতে এলাকাবাসী শনিবার (১৮ জানুয়ারি) সকালে রেললাইন অবরোধ করেন। এ সময় রেললাইনের ওপর একটি লাল কাপড় ঝুলিয়ে দেওয়া হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এই স্টেশনে দ্রুতযান এক্সপ্রেসের যাত্রাবিরতি ছিল, কিন্তু ১৯ জানুয়ারি থেকে ট্রেনটির যাত্রাবিরতি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রতিবাদে তারা এই অবরোধ কর্মসূচি পালন করেন। কিসমত রেলওয়ে স্টেশনটি আটোয়ারী ও বোদা উপজেলার একমাত্র রেলস্টেশন। ১৯৬৭ সালে পাকিস্তান আমলে তৈরি হওয়া এই রেললাইন ২০১৪ সালে সরকারের উদ্যোগে নতুনভাবে সংস্কার করা হয়। এই স্টেশনটি পার্বতীপুর-পঞ্চগড় রেললাইনের পঞ্চগড়-রুহিয়া অংশে অবস্থিত এবং বর্তমানে এখানে দ্রুতযান এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন চলাচল করে।

স্থানীয় বাসিন্দা আবু হাসান জানান, ‘কিসমত রেলস্টেশন থেকে ঢাকা ও রাজশাহীর দিকে যাত্রী চলাচল করে। তবে ১৯ জানুয়ারি থেকে এই স্টেশন থেকে দ্রুতযান এক্সপ্রেসের যাত্রাবিরতি বন্ধ করে দেওয়া হয়েছে, এ কারণে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

এ ঘটনায় আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি শোনেন। পরে জেলা প্রশাসকের কাছে বিষয়টি পৌঁছানোর আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

স্টেশন মাস্টার বজলুর রহমান জানান, ‘এই স্টেশনে দ্রুতযান এক্সপ্রেসের মাত্র দুই মিনিট যাত্রাবিরতি ছিল। যাত্রাবিরতি প্রত্যাহার করায় স্থানীয়রা প্রতিবাদে রেললাইন অবরোধ করা হয়। এই স্টেশনে ট্রেনটির টিকিট বিক্রি খুবই কম, যার কারণে রেলওয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।’

এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, ‘স্থানীয়দের দাবির প্রতিবাদ লিপি আকারে জমা দিতে বলেছি। জেলা প্রশাসকের মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।’

এসকে দোয়েল/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন