মেয়র হওয়াতে হাসান আরিফের ভূমিকা অনস্বীকার্য : ডা. শাহাদাত
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬
ছবি : বাংলাদেশের খবর
মেয়র হওয়ার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাঁশখালী গার্লস কলেজ মাঠে কলেজের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ অত্যন্ত কর্মঠ ও মেধাবী মানুষ ছিলেন। তার স্মরণ শক্তি ছিল অত্যন্ত প্রখর। আমি যাতে মেয়রের চেয়ারে বসতে না পারি এজন্য অনেকেই ষড়যন্ত্র করেছে। কিন্তু এ এফ হাসান আরিফ স্যারের সহযোগিতায় সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে। তিনি নিজেই আমার ফাইল নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গেছেন।
ডা. শাহাদাত আরও বলেন, মেয়র হওয়ার পরও দাপ্তরিক কাজে যখনই তার দ্বারস্থ হয়েছি, তখনই তার সহযোগিতা পেয়েছি। চট্টগ্রামের উন্নয়ন নিয়ে তার অনেক পরিকল্পনা ছিল। কিন্তু সবটুকু তিনি করে যেতে পারেননি। পবিত্র জুমাবারে তিনি মহান আল্লাহ তায়ালা ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। সকলে তার জন্য দোয়া করবেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন- খান বাহাদুর ফাউন্ডেশনের সদস্য সচিব, সাবেক মেয়র ও সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম, অধ্যাপক ডা. সৈয়দ মেজবাউল হক, সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দীন, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম, বিএনপি নেতা শাখাওয়াত জামাল দুলাল, হাসান আরিফের সন্তান অ্যাডভোকেট মুয়াজ আরিফ, ব্যক্তিগত সহকারী আবিদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী প্রমুখ।
তাফহীমুল ইসলাম/এমবি

