নিরাপত্তা চেয়ে নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:২৩
ছবি : বাংলাদেশের খবর
গাইবান্ধায় নিজের ও ছোট দুই বোনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতিত একটি পরিবার।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন নির্যাতিত পরিবারের সদস্য ফাতেমা তুজ জোহরা। এ সময় উপস্থিত ছিলেন মা ফাইমা বেগম ও ছোট দুই বোন খাদিজা তুজ তাহেরা ও উম্মে হাবিবা।
সংবাদ সম্মেলনে ফাতেমা তুজ জোহরা বলেন, ২০১৮ সালের ৬ আগস্ট শহরের পশু হাসপাতাল রোডের আমজাদ হোসেনের ছেলে আসিফ ফয়সাল লেলিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই টাকার জন্য লেলিন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাল। ওই বছরের ১৩ সেপ্টেম্বর বাবা মারা গেলে আমার বাবার সম্পত্তি বিক্রি করে টাকা আনার জন্য নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। আমার সুখের জন্য মা বিভিন্ন সময়ে লেলিনকে ১৬ লাখ ৩০ হাজার টাকা দেন।
তিনি বলেন, আবারো নতুন ব্যবসা খোলার কথা বলে আমার বাবার পৈতৃক বাড়ি বিক্রি করা আরও ২০ লাখ টাকা নেয়। কিন্তু কোনো ব্যবসা কিংবা দোকান না দেখতে পেয়ে আমি তার কাছে টাকা কোথায় জানতে চাইলে লেলিন আমাকে মারধর করে। পরে আমি ও আমার ছোট দুই বোনকে হত্যার হুমকি দেয়।
এ অবস্থায় অত্যাচার সহ্য করতে না পেরে গত বছরের ১৯ সেপ্টেম্বর আমার খালুর বাড়িতে গিয়ে আশ্রয় নেই। লেলিনকে ডিভোর্স নোটিশ পাঠাই।
ফাতেমা তুজ জোহরা বলেন, গত ৮ জানুয়ারি শহরের গোরস্তান পাড়ায় দাদুর মরদেহ দেখে ফেরার পথে লেলিন তার লোকজন নিয়ে আমার ছোট দুই বোনকে মারধর করে আমাকে জোর পূর্বক তুলে নিয়ে যায়। পর সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ আমাকে উদ্ধার করে এবং লেলিনকে আটক করে। এরপর থেকে লেলিনের পরিবার আমার ছোট দুই বোনসহ পরিবারের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আতিকুর রহমান/এমবি

