নীলফামারীতে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৮:৩৯
মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাবুল হোসেন ও তার পরিবার।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের জুম্মাপাড়াস্থ নিজবাড়ি প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাবুল হোসেন একই এলাকার আবুল হোসেনের ছেলে।
এতে অভিযোগ করা হয়, প্রতিবেশী হাসিব ও ওবায়দুল্লাহ পরিবারের সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল আমাদের সাথে। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৩ জানুয়ারি তাদের উপর হামলা মারধর ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয় আমাদের বিরুদ্ধে।
আরও বলা হয়, সেদিন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। প্রতিবেশী ওবায়দুল্লাহর মেয়ে শাহনাজ বেগম গরুকে খাবার দেয়ার সময় গরুর লাথির আঘাতে অসুস্থ হয়ে পড়ে। এতে তার গর্ভের সন্তান নষ্ট হয়।
সংবাদ সম্মেলন বলা হয়, এ ঘটনাকে কেন্দ্র করে জমি নিয়ে বিরোধ থাকায় মিথ্যে ঘটনা (তথ্য) উপস্থাপন করে আমাদের হয়রানি করা হচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এ সময় বাবুল হোসেনের স্ত্রী মেনু বেগম, মেয়ে লিভা আকতার ও প্রতিবেশী ফয়জুল ইসলাম উপস্থিত ছিলেন।
তৈয়ব আলী সরকার/এমবি

