ছবি : বাংলাদেশের খবর
কৃষি উদ্যোক্তা তৈরি করতে কাজ করছে বর্তমান সরকার বলে জানিয়েছেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম।
শনিবার (১৭ জানুয়ারি) ফেনীর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনদের সাথে পরামর্শ কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. একরাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছাল আলী, জেলা কৃষি বিপণন কর্মকতা মোহাম্মদ আবদুল কাদের।
মহাপরিচালক মাসুদ করিম বলেন, সরকার সারাদেশে কৃষিক্ষাতে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। হাঁস-মুরগি পালন, মাছ চাষ, পতিত জমি চাষাবাদ এবং বেকারত্ব দূরীকরণে কাজ করছে। এছাড়া আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য সারাদেশে ৪০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষিখাতে দক্ষ উদ্যোক্তা তৈরি করতে প্রতি জেলা, উপজেলায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্পূর্ণ সরকারি খরচে ৮টি বিষয়ে ১২ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। যেখানে শাকসবজি, মসলা, তেল, মাছ, মাংস, ডিম, দুধ, ড্রাইফুড ও তেলবীজ জাতীয় শস্য উৎপাদনের বিষয়ে দক্ষতা অর্জন করা যাবে।
এছাড়া ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মাসুদ রানার উপস্থাপনায় অন্যান্য অতিথিরা নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি যন্ত্রপাতি সংরক্ষণ, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাত করার বিষয়ে উদ্যেক্তাদের ধারণা প্রদান করবেন।
এমরান পাটোয়ারী/এমবি

