গাজীপুরে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:১৯
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা বাজার রোডে নবী হোসেনের বহুতল ফ্ল্যাট বাসায় এ অভিযান চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নবী হোসেন ওই এলাকায় মদের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালায় এবং নবী হোসেনের বাসা থেকে মদের বোতল উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে পুলিশের একটি দল নবী হোসেনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করে। তবে অভিযানকালে নবী হোসেন বা অন্য কেউ গ্রেপ্তার হয়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ‘মাওনা চৌরাস্তার একটি ফ্ল্যাট বাসা থেকে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
আতাউর রহমান সোহেল/এমআই

