Logo

সারাদেশ

পঞ্চগড়ে তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে, বেড়েছে শীতজনিত রোগ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬

অ
পঞ্চগড়ে তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে, বেড়েছে শীতজনিত রোগ

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ে তাপমাত্রা কমে মাঝারি শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুই দিন তাপমাত্রা বাড়ার পর শনিবার (১৮ জানুয়ারি) থেকে তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে। এতে করে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার (১৮ জানুয়ারি) তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর তার আগে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রির কাছাকাছি। দুই দিন ধরে ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার পর আবার ৭ ডিগ্রিতে নেমে আসায় পরিস্থিতি মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হয়েছে।

দিনের বেলায় সূর্য উঠলেও কনকনে শীতের কারণে এলাকার মানুষজন কষ্ট পাচ্ছেন। বিশেষত পাথর শ্রমিক, ভ্যান চালক, চা শ্রমিক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষদের জীবনযাত্রায় কঠিন সংকট সৃষ্টি হয়েছে। শীতের কারণে আয় রোজগার কমে যাওয়ায় তাদের দুরবস্থা আরও প্রকট হয়ে উঠেছে। বাজারদরের বৃদ্ধি ও শীতজনিত রোগের চিকিৎসার খরচ মিলিয়ে এ সব মানুষ অত্যন্ত কষ্টে আছেন। শীতবস্ত্রের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, ‘আজকের তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত দুইদিনের তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস ছিল, কিন্তু আজ আবার শীত বাড়ায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’

এসকে দোয়েল/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন