Logo

সারাদেশ

ফরিদপুরে গণঅভ্যুত্থানে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আল্টিমেটাম

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪

অ
ফরিদপুরে গণঅভ্যুত্থানে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আল্টিমেটাম

ফরিদপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনকে পাঁচ দিনের আলটিমেটাম দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সোহেল রানা সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইমতিয়াজ নীরব শান্ত, আবরার নাদিম ইতু, মেহেদী হাসান, মেহেদী হাসান হৃদয়, সাজিদ খান, আবু নাঈম বিহন, জেবা অতশি, সিফাত ওয়ালিদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই হামলাকারীরা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হচ্ছে।’

তারা আরও বলেন, ‘আমরা ফরিদপুর প্রশাসনকে পাঁচ দিনের আল্টিমেটাম দিচ্ছি। যদি এই পাঁচ দিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হয়, তবে আমরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করব।’

এ সময় তারা জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছিরের ফাঁসির দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান।

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন