ছবি : সংগৃহীত
চাঁদপুর মেঘনা নদীতে অবৈধভাবে উত্তোলনকৃত মাটিবহনকারী দুটি বাল্কহেডসহ ৯জনকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম. ফজলুল হক। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা নদীতে বাল্কহেড এবং ড্রেজার উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি বিধিনিষেধ অমান্য করে অবৈধভাবে মাটিবহনকারী দুটি বাল্কহেডসহ ৯ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।
পরবর্তীতে জব্দকৃত মাটিভর্তি বাল্কহেড এবং আটক আসামিদের চাঁদপুর সদর নৌ থানা পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।
আলআমিন ভূঁইয়া/এটিআর

