পঞ্চগড় সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)।
রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে জেলার বোদা উপজেলার বড়শশী বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৭৭৭/৬-এস-নিকটবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের বিষ্ণজিত রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩) ও ছেলে প্রানাভি রায় (০৩),কাহারোল উপজেলার তেলিয়ান গ্রামের শ্রী রতন রায় (৩০), তার স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), ছেলে শ্রী সমর রায় (১০), মেয়ে চুমকা রাণী রায় এবং বোদা উপাজেলার উৎকুড়া গ্রামের ধমেশ্বর রায়ের ছেলে শ্রী সুজন রায় (২১)।
৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা দালালের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকার চুক্তিতে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। আটককৃতদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন এবং নগদ ৪,৫৮৪ টাকা উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে মুচলেকা নিয়ে শিশুদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসকে দোয়েলে/এটিআর

