যৌতুকের জন্য গলা টিপে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৬:১৯
গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে নূর মোহাম্মদ নয়ন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালত নূর মোহাম্মদ নয়নকে ১ লাখ টাকা জরিমানা দিতে নির্দেশ দিয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিনের ছেলে নূর মোহাম্মদ নয়নের সঙ্গে পার্শ্ববর্তী চাচিয়া মীরগঞ্জ গ্রামের গোলেনুর বেগমের মেয়ে মৌমিতা আক্তার লতার বিয়ে হয়। বিয়ের পর থেকে নূর মোহাম্মদ নয়ন যৌতুকের দাবিতে প্রায়ই মৌমিতা আক্তার লতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর রাতে যৌতুকের দাবিতে একসময় নূর মোহাম্মদ নয়ন মৌমিতা আক্তার লতাকে মারধর করেন এবং এক পর্যায়ে তার গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন।
পরে মৌমিতার মা গোলেনুর বেগম নূর মোহাম্মদ নয়নকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে, আদালত নূর মোহাম্মদ নয়নকে অপরাধী হিসেবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করেন।
এই রায়ের মাধ্যমে আদালত মেয়ের মৃত্যুর জন্য দায়ী স্বামীর কঠোর শাস্তি নিশ্চিত করেছে, যা অনেকের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
আতিকুর রহমান/এমজে

