গভীর রাতে ঘরে ঢুকে হাত-পা ও মুখ বেঁধে নারীকে হত্যা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:১০
পটুয়াখালী কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে ঢুকে হাত, পা ও মুখ বেঁধে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা বেশকিছু আসবাবপত্র ভাঙচুর করে ও মালামাল নিয়ে যায় তারা।
সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই নারী তাদের ঘরে একা ঘুমিয়েছিলেন। মঙ্গলবার সকাল আটটার দিকে তার দেবর শাহআলম ওই বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঢুকে ওই নারীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এটি ডাকাতি নাকি চুরি সেটি তদন্ত করা হচ্ছে।
এর আগেও ওই ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জাকারিয়া জাহিদ/এমএইচএস

