নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আব্দুল হামিদ খান (৪৪) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদীর সদর উপজেলার বাদুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল হামিদ খান সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছঘরিয়াপাড়া এলাকার আব্দুর রশিদ খানের ছেলে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, আব্দুল হামিদ খান টিউশনি করার জন্য প্রতিদিন বাদুয়ারচর এলাকায় যাতায়াত করতেন। এদিন সকালে তিনি অসাবধানতাবশত রেললাইনে হেঁটে ওই এলাকায় যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।
সুমন রায়/এমবি

