সাড়ে ৪ লাখ ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা
কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৫:৫৫
ছবি : বাংলাদেশের খবর
সীমান্ত উপজেলা টেকনাফে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া সাড়ে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের (২বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, বুধবার মিয়ানমার থেকে একদল মাদক পাচারকারী মেম্বার পোস্ট নামের এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার করবে, এমন গোপন সংবাদের তথ্য পায় বিজিবি। পরে ব্যাটালিয়ন সদর ও লেদা বিওপির পৃথক দুটি দল অভিযান চালায়।
এ সময় নাফ নদীর পাড়ে অবস্থানরত মাদক পাচারকারী চক্রটি পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পাচারকারীরা দুটি বস্তা ফেলে নদী সাঁতরে সীমান্তের অপরপ্রান্তর পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো থেকে সাড়ে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আশিকুর রহমান বলেন, অভিযান চলাকালে মাদক বহনের সাথে বাংলাদেশি কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে জড়িত ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চলছে।
ইমতিয়াজ ও ইবরাহীম/এমবি

