Logo

সারাদেশ

বরিশালে শিশু নিহত, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৯:২৩

অ
বরিশালে শিশু নিহত, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের বিএম কলেজ সংলগ্ন সড়কে একটি দ্রুতগতির অটোর ধাক্কায় জান্নাতুল মাওয়া (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিকাল ৩ টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিএম কলেজের শিক্ষার্থীরা।

নিহত জান্নাত পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মো. নিজাম। তারা বরিশালের বিএম কলেজ রোড এলাকায় বেড়াতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাত ও তার এক সহপাঠী দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি অটো জান্নাতকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।

এরপর দুপুর ১টা থেকে শিক্ষার্থীরা নথুল্লাবাদ থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে করে স্থানীয় ও দূরবর্তী যাত্রীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

বরিশাল বিএম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাহাবুদ্দিন মিয়া বলেন, অরক্ষিত সড়ক ও বেপরোয়া চালকদের কারণে প্রাণ হারাতে হচ্ছে। নিরাপদ সড়ক চাই। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন চলবে।

বাংলা বিভাগের শিক্ষার্থী সাহাদাত হোসেন বলেন, প্রতিদিন পথচারীরা ঝুঁকিতে থাকছেন। আজকের এ মৃত্যু আবারো আমাদের কাঁপিয়ে দিল। প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ চাই।

বিক্ষোভকারীরা নিরাপদ সড়কের দাবিতে বেশ কয়েকটি দাবি জানান :

২৪ ঘণ্টার মধ্যে অটোচালককে গ্রেপ্তার ও ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে; কলেজের সামনের ফুটপাতগুলো স্থায়ীভাবে দখলমুক্ত করতে হবে; কলেজ চলাকালীন সময়ে বিকল্প রাস্তা ব্যবহারের ব্যবস্থা করতে হবে; নথুল্লাবাদ থেকে নতুন বাজার পর্যন্ত গতিসীমা নির্ধারণ করতে হবে; স্পিডব্রেকার ও ডিভাইডার নিশ্চিত করতে হবে; কলেজের সামনে স্থায়ীভাবে ট্র্যাফিক পুলিশ বক্স নির্মাণ করতে হবে; রাস্তা ও ক্যাম্পাসকে ১০০% সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, শিশুটির মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা অটোটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তার করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ করতে আহ্বান জানাই। সড়কে নিরাপত্তা নিশ্চিতের কাজ চালিয়ে যাচ্ছি।

জেআই জুয়েল বরিশাল/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন