Logo

সারাদেশ

সড়কে গাছ ফেলে যানবাহন আটকে ডাকাতি

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৯

অ
সড়কে গাছ ফেলে যানবাহন আটকে ডাকাতি

সুনামগঞ্জে গাছ ফেলে যানবাহন আটকে লুটপাট করেছে একদল ডাকাত। বুধবার দিবাগত রাত (২৩ জানুয়ারি) সাড়ে ১২টার দিকে জেলার পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের দাড়াখাই নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, প্রায় ১৫-২০ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে মহাসড়কে গাছ ফেলে প্রথমে একটি ট্রাক আটকে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ট্রাকটি সড়কে আড়াআড়ি রেখে অন্যান্য যানবাহন থামিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। অন্তত ২০টি যানবাহনের যাত্রী ও চালকদের কাছ থেকে মোবাইল, নগদ অর্থ এবং মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়।

ডাকাত দলের হামলায় বেশ কয়েকজন আহত হন। পাশের একটি পুকুরে সেচ দিতে থাকা স্থানীয় কয়েকজনকেও অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। তবে পার্শ্ববর্তী কলকলি বাজার ও গ্রাম থেকে লোকজন ছুটে আসলে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।

জগন্নাথপুরের স্থানীয় গণমাধ্যমকর্মী জুবায়ের হোসেন বাংলাদেশের খবরকে বলেন, ‘আমরা কলকলি বাজারে একটি ব্যাডমিন্টন খেলার লাইভ সম্প্রচার করতে গিয়েছিলাম। ফেরার পথে আমাদের গাড়িও ডাকাতদের কবলে পড়ে। আমাদের গাড়িচালকও ডাকাতদের মারধরের শিকার হন। তবে মানুষজন চলে আসায় আমাদের কিছু লুট করতে পারেনি।’

১৫-২০ জনের ডাকাত দলের সবার হাতে রাম দা ও ধারালো অস্ত্র ছিলো উল্লেখ করে জুবায়ের হোসেন জানান, ‘জিম্মি করা গাড়ির মধ্যে একটি ঢাকাগামী বাস ছিল। এতে অনেক বিদেশগামী যাত্রী ছিলেন। তাদের অনেকের শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে সব লুটে নেয় ডাকাতরা।’

রেজাউল হক ডালিম/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন