শেরপুর সদরে মাধ্যমিকের এক ট্রাক সরকারি বই উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) রাত নয়টার দিকে সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া থেকে উদ্ধার করা হয়। বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ৯ হাজার বই ছিল ওই ট্রাকে। এ সময় মইদুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম। তিনি বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে প্রাথমিকভাবে জানান।
বইভর্তি ট্রাকের ড্রাইভার মো. সজল বলেন, ‘মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে রৌমারি থেকে কাগজ আনার জন্য ট্রাকটি ভাড়া নেয়। পরে রাতে সেখানের সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে বইগুলা ট্রাকে তুলে। পরে আমরা চালানের কপি চাই। কিন্তু স্কুলের মালিকরা চালান দেয়নি। পরে আমি মালিককে জানাই। মালিক বলে তুমি ট্রাকটা শেরপুর নিয়ে আসো তোমার বাসার দিকে রাখো। পরে গতকাল (বুধবার) মালিক নিজে গিয়ে বইগুলার ব্যাপারে স্থানীয়দের জানান।’
বইভর্তি ট্রাকের মালিক জাকির হোসেন বলেন, ‘আমি জানার পর স্থানীয়দের সহায়তা নিয়ে ট্রাকটাকে আটকে দেই। পরে রাতের দিকে থানায় যোগাযোগ করি। আর পুলিশে দেই।’
-67920d1cd4147.jpg)
পুলিশ জানায়, বুধবার রাতে মাধ্যমিকের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির এক ট্রাক বই আটক করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকটি রৌমারির সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে বই আনে। পরে সেখান কোনো চালান ছাড়াই শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়ায় আনেন গাড়ির ড্রাইভার। পরে সেখান থেকে স্থানীয় ও ট্রাকের মালিকের সহায়তায় সদর থানার পুলিশের কাছে বিষয়টি জানানো হয়।
পুলিশ গিয়ে বইসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য মইদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। পরে গণনা করে ওই ট্রাকে নয় হাজার বই পাওয়া যায়। তবে প্রাথমিকভাবে জানা গেছে, বইগুলো কুড়িগ্রাম জেলার বরাদ্দকৃত বই।
এ ব্যাপারে শেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান বলেন, ‘বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয়। অন্য কোনো জেলার বই হতে পারে।’
শাহরিয়ার শাকির/এমজে

