শ্রীপুরে কারখানায় নিরাপত্তাকর্মীকে জিম্মি করে মালামাল লুট
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৩৪
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে টাকাসহ বিপুল পরিমাণ মালামাল লুট করেছে ডাকাত দল। এ ঘটনায় কারখানার নিরাপত্তাকর্মী মাসুদ (৪০) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের পাশে সানা অ্যাক্সেসরিজ লিমিটেডে এ ঘটনা ঘটে।
আহত নিরাপত্তাকর্মী মাসুদ বগুড়ার গাবতলি উপজেলার আব্দুল জলিলের ছেলে।
কারখানার ম্যানেজার আসাদুল্লাহ অভিযোগ করেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে ৬/৭ জনের একদল ডাকাত কারখানায় প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার নিরাপত্তাকর্মীর হাত-পা খাটের সঙ্গে বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এ সময় কারখানার বিভিন্ন কক্ষের তালা ভেঙ্গে টাকাসহ ও বিভিন্ন ধরনের মালামাল লুট করে পালিয়ে যায়। লুট করা মালামালের আনুমানিক মূল্য ২৬ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।
কারখানার নিরাপত্তা কর্মী মাসুদ বলেন, ওই ডাকাত দল কারখানার পাশে একটি গোডাউনের তালা ভেঙে গোডাউনে ঢুকার চেষ্টা করে। তালা ভাঙার শব্দ শোনে আমার ঘুম ভাঙে। পরে মূল গেইট খোলে এগিয়ে গেলে ডাকাত দলের চারজন সদস্য রশি দিয়ে প্রথমে খাটের পায়ার সঙ্গে আমার হাত-পা বেঁধে ফেলে। পরে কাপড় দিয়ে মুখ ও চোখ বেঁধে ডাকাতি করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, এখনো ডাকাতির কোনো খবর পাইনি। খোঁজ নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আফজাল হোসেন বলেন, চুরি না ডাকাতি বলতে পারবো না। কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোহেল/এমবি

